ফরচুন বরিশালের দেয়া রানের পাহাড় টপকে গেল সিলেট স্ট্রাইকার্স। এতে করে চলতি আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট। এর আগে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি-মুশফিকরা।
শনিবার (৭ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাকিবের ৩২ বলে ৬৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বরিশাল। জবাবে শান্ত-হৃদয়-জাকিরের ব্যাট ৬ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।
বরিশালের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি সিলেটে। স্কোরবোর্ডে এক রান যোগ করতেই রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন বিদেশি রিক্রুট কলিন অ্যাকারম্যান। দ্বিতীয় উইকেটে শান্ত ও হৃদয় মিলে গড়েন ১০১ রানের জুটি। দলীয় ১০২ রানে শান্ত ৪০ বলে ১ ছয় ও ৫ চারে ৪৮ রান করে রান আউটে কাটা পড়েন।
শান্ত ২ রানের জন্য হাফসেঞ্চুরির দেখা না পেলেও হৃদয় ঠিকই অর্ধশত তুলে নেন। দলীয় ১৩৬ রানে ৩৪ বলে ১ ছয় ও ৭ চারে ৫৫ রান করে করিম জানাতের বলে এলবির ফাঁদে পড়েন হৃদয়। চতুর্থ উইকেটে জাকির ও মুশফিক ঝড়ো গতিতে গড়েন ৩৮ রানের জুটি। দলীয় ১৭৪ রানে জাকির ডি সিলভার বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরেন। তার আগে বরিশালের বোলারদের ওপর তাণ্ডব চালান জাকির। ১৮ বলে ৩ ছয় ও ৪ চারে করেন ৪৩ রান।